২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক শ্রেণিতে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে আগামী ২৭ মার্চ (বাণিজ্য), ৩ এপ্রিল (মানবিক) ও ১০ এপ্রিল (বিজ্ঞান) তারিখে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন উপকমিটির সভাপতি ও সদস্য-সচিবদের সুবিধার কথা বিবেচনা করে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) প্রশাসন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
ভর্তি পরীক্ষার দিনগুলোতে ময়মনসিংহ টাউন হল থেকে সকাল ৮টায় শিক্ষক ও কর্মকর্তাদের জন্য একটি মিনিবাস এবং কর্মচারীদের জন্য একটি বড় বাস ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এসব বাস দুপুর ২টায় ক্যাম্পাস থেকে পুনরায় ময়মনসিংহে ফিরে আসবে। ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন কমিটি ও উপকমিটির সভাপতি, সদস্য সচিব এবং সমন্বয়কদের জন্য একটি মাইক্রোবাস সকাল সাড়ে ৭টায় ময়মনসিংহ টাউন হল থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং প্রয়োজন অনুযায়ী সময়ে ময়মনসিংহে ফিরে আসবে।
এ ছাড়া, শুধুমাত্র ভর্তি পরীক্ষার্থীদের জন্য দুটি বড় বাস সকাল ৮টায় ময়মনসিংহ টাউন হল থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হবে।
উল্লেখ্য, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য সাধারণ বিশ্ববিদ্যালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা চালু করা হয়। তবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়।
অন্যদিকে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নতুনভাবে নওগাঁ বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে যুক্ত হয়েছে এবং এ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থী ভর্তির মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রম শুরু হবে।

-20260326095952.webp)
-20260325224817.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন