ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

২ হলের বৈধ কাগজ প্রদানে প্রশাসনকে ৫ দিনের আল্টিমেটাম

জবি প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৬, ১০:২৪ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ নজরুল ইসলাম ও আব্দুর রহমান হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম পরবর্তী কার্যক্রম নিয়ে সংবাদ সম্মেলনে  করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।

‎রোববার (১২ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ রফিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলন তিনি বলেন, ২ হলের বৈধ কাগজ প্রশাসনকে ৫ দিনের মধ্যে জমা দিতে হবে। এর আগে, ‎গত ৩১ মার্চ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের উদ্যোগে পালিত কর্মসূচিতে ১০ দিনের আল্টিমেটাম দিলেও তা গতকাল শেষ হয়। ফলে কর্মসূচির অংশ হিসাবে বৈধ কাগজসহ হল উদ্ধারের কথা জানিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সর্দার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের আবেগের জায়গা। বিভিন্ন সময় বিভিন্ন ছাত্রসংগঠন হল নিয়ে আন্দোলন করলেও এখন তারা পিছিয়ে এসেছে। কিন্তু আমাদের জবাবদিহি ও দায়বদ্ধতার একটা জায়গা আছে। কারণ এই বিশ্ববিদ্যালয়কে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেখানে আমরা আমাদের দায়বদ্ধতা থেকে কাজ করে যাব যেন খুব দ্রুত সময়ের মধ্যে সব নিয়ে হলগুলো উদ্ধার করা সম্ভব হয়।

এ সময় উপস্থিত শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠা করা বিশ্ববিদ্যালয়। এ জন্য ক্যাম্পাস থেকে বের হয়ে যারা সাবেক ছাত্রনেতা এখন এমপি হয়েছেন তাদের জবির স্বার্থে কাজ করেছে এবং আগামীতে ও করবে। আমরাও ক্যাম্পাসের সার্বিক উন্নয়নে কাজ করে যাব। হলে ওঠা শিক্ষার্থীদের অধিকার। ৫ আগস্টের পরে এখানে কোনো কাজ হয়নি। তারেক রহমান আশস্ত করেছেন বিএনপি ক্ষমতায় এলে তাদের প্রধান কাজ হিসেবে হলগুলো উদ্ধারে কাজ করবেন। এ ছাড়া ঢাকা ৭ আসনের এমপি ও জবি ভিসি মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। আমরা দ্রুতসময়ের মধ্যে হলগুলো উদ্ধারের বিষয়ে গাইডলাইন দিতে পারব। এই কর্মসূচির সঙ্গে সব শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের অংশগ্রহণও কামনা করেছেন তিনি। 

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মেদ, রাসেল মিয়া, শাহরিয়ার ‎হোসেন, রবিউল আউয়ালসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।