ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাবিতে জিওস্পেশাল ডাটা অ্যানালাইসিস প্রশিক্ষণ কর্মশালা শুরু

জাবি প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ০৪:৩৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জিওস্পেশাল ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ম্যানেজমেন্ট (বেসিক অ্যান্ড ইন্টারমিডিয়েট) শীর্ষক ১৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান কর্মশালার উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং অ্যান্ড জিআইএসের আয়োজনে এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-এর ইডিজিই (Enhancing Digital Government and Economy) প্রকল্প ও Esri Bangladesh-এর সহযোগিতায় তৃতীয় ও চতুর্থ ব্যাচের এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, ‘অনলাইনের বিভিন্ন রিসোর্স ও ডাটা অ্যানালাইসিস শেখার ক্ষেত্রে ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব প্ল্যাটফর্ম সবার জন্য শেখার সুযোগ তৈরি করে সমাজে বৈষম্য কমাতে সহায়তা করছে।’

তিনি আরও বলেন, ‘জিআইএস ও রিমোট সেন্সিং প্রযুক্তিতে প্রশিক্ষিতরা শুধু ব্যক্তিগত ক্যারিয়ার উন্নয়নই করছেন না, বরং দেশের অগ্রযাত্রায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।’

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক ড. এম. মেসবাহউদ্দিন সরকার, সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)-এর ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ ডিরেক্টর মো. মোতালেব হোসেন সরকার, ইস্রি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ আব্দুল হাদি, প্রশিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।

উল্লেখ্য, কর্মশালাটিতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।