ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

বাউবির ট্রেজারার হলেন জবি অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম

জবি প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬, ০৮:৩১ পিএম
ছবি : সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ট্রেজারার পদে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ১৫(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলামকে বাউবির ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে হবে, সে পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধান অনুযায়ী এবং উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের একজন জ্যেষ্ঠ শিক্ষক। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।