ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এসএসসি পরীক্ষা শুরু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১০:৩১ এএম
ছবি : সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। এ পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত।

পরীক্ষার প্রথম দিনে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র এবং সহজ বাংলা প্রথম পত্র অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হচ্ছে।

এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৭১ হাজারের বেশি।

নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে শিক্ষা প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। সব কেন্দ্রকে সিসিটিভির আওতায় আনা হয়েছে এবং প্রশ্নফাঁস রোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এ ছাড়া, পরীক্ষা কেন্দ্রের আশপাশে ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করে বহিরাগতদের প্রবেশ সীমিত করা হয়েছে। কেন্দ্রের ভেতরে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।