ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে ৩১ ডিসেম্বর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১৪, ২০২৬, ১২:০৮ পিএম
ছবি : সংগৃহীত

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর শুরু হতে পারে। শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে এমন একটি সময়সূচি নিয়ে কাজ করছে, যেখানে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষা শেষ করার পরিকল্পনা রয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

বুধবার (১৪ মে) শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্ট অংশীজনদের মতামত বিবেচনায় নিয়ে এ প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানা গেছে, শিক্ষামন্ত্রীর ডিসেম্বরের মধ্যে পরীক্ষা আয়োজনের ঘোষণার সঙ্গে শিক্ষার্থীদের জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার দাবির সমন্বয় করে ৩১ ডিসেম্বর পরীক্ষা শুরুর প্রস্তাব রাখা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, জানুয়ারিজুড়ে লিখিত বা তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করা হবে।

প্রাথমিক খসড়া অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারির মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরপর ১ থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হতে পারে। সম্ভাব্য রোজার ছুটি শুরুর আগেই পরীক্ষা শেষ করার বিষয়টি মাথায় রেখে এ সময়সূচি বিবেচনা করা হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, আগামী দু-এক দিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে। একই সঙ্গে ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় প্রথমবারের মতো সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া ভবিষ্যতে এসএসসি ও সমমানের পরীক্ষা ডিসেম্বরের মধ্যেই আয়োজনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানা গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে এমন সময়সূচি নির্ধারণের চেষ্টা চলছে, যাতে পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা কমে এবং প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়।