ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কখন কীভাবে হবে অনলাইন ক্লাস

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ০৯:২৪ পিএম
অনলাইন ক্লাস। ছবি : সংগৃহীত

যানজট হ্রাস, জ্বালানি সাশ্রয় এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইনে ক্লাস চালুর কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। প্রাথমিকভাবে সপ্তাহে তিনদিন অনলাইনে ও তিনদিন অফলাইনে বা সশরীরে ক্লাস চালু করা হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এসব কথা বলেছেন।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, রাজউক উত্তরা মডেল কলেজ, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। তবে কোন কোন স্কুলে অনলাইন ক্লাস হবে সেই চূড়ান্ত তালিকা এখনো শিক্ষা মন্ত্রণালয় প্রকাশ করেনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা শুরুতে ঢাকার কিছু প্রতিষ্ঠানে এটা করতে চাই। ভিকারুননিসায় হতে পারে, রাজউকে হতে পারে। আবার রেসিডেন্সিয়ালও থাকতে পারে। অন্যদের মধ্যে কেউ যদি আগ্রহ দেখান, তারাও চালু করতে পারেন। বেশি শিক্ষার্থী রয়েছে, আবার সক্ষমতাও রয়েছে- এমন প্রতিষ্ঠানগুলোতে এটা প্রথমে চালু করা হবে।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস চালু হবে, সেখানে শনিবারের ছুটি বাতিল করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শনিবার, সোমবার ও বুধবার সশরীরে বা অফলাইনে ক্লাস হবে। এ দিনগুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের স্কুলে আসতে হবে।

অন্যদিকে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। এ তিনদিন শিক্ষার্থীরা বাসায় থাকবে। ক্লাস হবে অনলাইনে। তবে শিক্ষকদের স্কুলে এসে অনলাইনে ক্লাস নিতে হবে।