ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সারা দেশে অনলাইন ক্লাস চালু বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ১২:২৫ পিএম
ছবি : সংগৃহীত

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মহানগরে মাধ্যমিক স্তরের কিছু স্কুলে পরীক্ষামূলকভাবে শিক্ষার্থীদের জন্য তিনদিন অনলাইন ও বাকি তিনদিন অফলাইনে (সশরীরে) ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। অন্যদিকে, শনিবার, সোমবার ও বুধবার শিক্ষার্থীরা স্কুলে উপস্থিত হয়ে অফলাইন ক্লাসে অংশ নেবে।

এহছানুল হক মিলন বলেন, শনিবার স্কুলে ক্লাস হবে, এদিন ট্রাফিক কম থাকে। রোববার অনলাইনে ক্লাস করতে চাই; শিক্ষকরা স্কুলে এসে ক্লাস করবেন।

সোমবার স্কুলে আনতে চাই। মঙ্গলবার স্কুলে আসা হবে না, অনলাইনে ক্লাস হবে।

বুধবার আনতে চাই। বৃহস্পতিবার অনলাইনে ক্লাস হবে। শুক্রবার অনলাইনে ক্লাস করালে বাবা-মায়েদের সমস্যা হবে। আমরা পাইলট হিসেবে চালু করব। তবে শিক্ষকদের স্কুলে এসে ক্লাসে অংশ নিতে হবে।

তিনি বলেন, আমরা তিন দিন অনলাইনে ও তিন দিন স্কুলে এনে ক্লাস করব। আমরা কাউকে জোর করছি না। বৃহৎ স্কুলগুলো, ভালো স্কুলগুলোকে ব্লেন্ডেড এডুকেশনে যাওয়ার জন্য এই কাজগুলো হাতে নিয়েছি। স্কুলগুলোকে প্রিভিলেজ দিচ্ছি, যেমন ট্যাক্স-ফ্রি গাড়ি কেনার সুযোগ। আর ওয়াইফাই সুবিধা দেওয়ার জন্য মন্ত্রণালয়ে আলোচনা করব।

অনলাইন ক্লাস কি সারা দেশে শুরু হবে- এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, মহানগরে যেখানে যানজট হয়, সেখানে এটি পাইলট হিসেবে চালু করা হবে। মহানগর বলতে বরিশাল বা ময়মনসিংহের কথা বলা হয়নি। শহরের রিনাউন স্কুলগুলো, যেখানে গাড়ি চলাচলে যানজট তৈরি হয়, সেগুলোকে লক্ষ্য করা হয়েছে। আমরা সারা বাংলাদেশে বা সারা মেট্রোপলিটনে একসাথে চালু করছি না। প্রস্তুতি নেওয়া গেলে ভবিষ্যতে সারা দেশে চালু করা হবে। হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আমরা ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেব।