ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন ও উৎসব ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৮:১০ পিএম
শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য বকেয়া বেতন এবং উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ২০২৫ সালের মার্চ থেকে জুলাই পর্যন্ত মোট ১৪ কোটি ৩৯ লাখ ১৭ হাজার ৯০৬ টাকার প্রস্তাব পাঠানো হয়। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে (ইএফটি) তথ্য ভুল ও অন্যান্য কারণে এই বেতন-ভাতা বকেয়া ছিলো। এবার প্রস্তাব অনুমোদন হলে এই টাকা ছাড় হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রটি বলছে, ২০২৫ সালের মার্চ মাসের আংশিক লট-৩ অনুযায়ী মোট ১ হাজার ৪৮০ জন শিক্ষক-কর্মচারীর জন্য ২ কোটি ২৩ লাখ ৫৭ হাজার ২০ টাকা বেতনের প্রস্তাব পাঠানো হয়। এর মধ্যে স্কুলের ১ হাজার ১৩২ জন শিক্ষক-কর্মচারী ও কলেজের ৩৪৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

একই মাসে ঈদুল ফিতরের উৎসব ভাতা বাবদ ১ কোটি ৪০ লাখ ১৪ হাজর ৭৯৪ টাকা রয়েছে। এই ভাতা পাচ্ছেন মোট ২ হাজার ৩৮৮ জন শিক্ষক-কর্মচারী। এর মধ্যে স্কুলের ১ হাজার ৬৫৯ জন ও কলেজের ৭২৯ শিক্ষক-কর্মচারী রয়েছেন।

অপরদিকে ২০২৫ সালের এপ্রিল মাসের আংশিক লট-২ এ মোট ১ হাজার ৪৮১ জন শিক্ষক-কর্মচারীর জন্য ২ কোটি ২৪ লাখ ৯ হাজার ১৫৯ টাকার বকেয়া বেতন ছাড়ের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে স্কুলের ১ হাজার ১৩১ জন ও কলেজের ৩৫০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

এ মাসেই বাংলা নববর্ষ উপলক্ষে ২০ শতাংশ হারে ৯৩ লাখ ১৮ হাজার ৫২ টাকার বকেয়া উৎসব ভাতার প্রস্তাব রয়েছে। এই ভাতা পাবেন মোট ২ হাজার ৭৫১ জন শিক্ষক-কর্মচারী। এরমধ্যে স্কুলের ১ হাজার ৯৫৩ জন শিক্ষক-কর্মচারী ও কলেজের ৭৯৮ শিক্ষক-কর্মচারী রয়েছেন।

এরপরে ২০২৫ সালের মে মাসে ১ হাজার ৭২৫ জন শিক্ষক-কর্মচারীর জন্য প্রায় ২ কোটি ৭৩ লাখ ৪৫ হাজার ৫৯১ টাকার বেতন এবং একই বছরের জুন মাসে ১ হাজার ২১ জনের জন্য প্রায় ১ কোটি ৫১ লাখ ৯ হাজার ২১৭ টাকার বেতন বাবদ ছাড়ের প্রস্তাব করা হয়। জুন মাসে ঈদুল আজহা উপলক্ষে অতিরিক্ত প্রায় ১ কোটি ১৬ লাখ ৩১ হাজার ৭০ টাকার উৎসব ভাতা বাবদ রয়েছে। যা মূল বেতনের ৫০ শতাংশ।

এ ছাড়া ২০২৫ সালের জুলাই মাসের আংশিক লট-২ এ ১ হাজার ৩১৫ জন শিক্ষক-কর্মচারীর জন্য প্রায় ২ কোটি ১৬ লাখ ৪৬ হাজার টাকার নিট বেতন রয়েছে।