পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি কর্মজীবীদের জন্য দীর্ঘ ছুটির ঘোষণা এসেছে। ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী স্কুল-কলেজে টানা ১৬ দিন এবং মাদ্রাসায় ২১ দিনের ছুটি থাকছে বলে জানিয়েছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৭ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ২৩ মে শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। ওই দিন সব সরকারি অফিসে কর্মরতদের উপস্থিত থাকতে হবে।
তবে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।
শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহার ছুটি শুরু হবে ২৪ মে থেকে, যা চলবে ৪ জুন পর্যন্ত। সাপ্তাহিক শুক্র ও শনিবার যুক্ত থাকায় মোট ছুটি দাঁড়াবে ১৬ দিনে।
কলেজ পর্যায়েও ঈদের মূল ছুটি ১২ দিনের হলেও সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে শিক্ষার্থীরা মোট ১৬ দিনের বিরতি পাচ্ছে।
অন্যদিকে, মাদ্রাসাগুলোতে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু হবে ২৪ মে থেকে এবং চলবে ১১ জুন পর্যন্ত। সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা টানা ২১ দিনের ছুটি উপভোগ করবে।
শিক্ষা ও প্রশাসনিক ছুটির এই সমন্বয়ে ঈদকে কেন্দ্র করে দেশের বড় একটি অংশে দীর্ঘ অবকাশ উপভোগের সুযোগ তৈরি হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন