ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাবির তিন ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দুপুরে

জাবি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:৪৮ এএম
ভর্তি পরীক্ষার হল। ছবি - সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তিনটি ইউনিটের ফল আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরের মধ্যেই প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যেসব ইউনিটের ভর্তি পরীক্ষা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, সেগুলোর ফল আজ দুপুরের মধ্যে প্রকাশ করার আশা রয়েছে।

কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. মোজ্জামেল হক বলেন, ‘দুই থেকে তিন ঘণ্টার মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।’

ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক আবু সায়েফ মো. মুনতাকিমুল বারি চৌধুরী জানান, ‘আজ দুপুরের মধ্যেই ফল প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত, ভর্তি পরীক্ষা গত রোববার (২১ ডিসেম্বর) শুরু হয়। ইতিমধ্যে ‘সি’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট), ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) এবং ‘ই’ ইউনিট (ব্যবসায় শিক্ষা অনুষদ) এর পরীক্ষা সম্পন্ন হয়েছে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য এবং ফল ju-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।

এদিকে আজ মঙ্গলবার ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন অনুষ্ঠিত হচ্ছে। প্রথম শিফটে ‘সি-১’ ইউনিটের পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়, যা কলা ও মানবিকী অনুষদের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগে অনুষ্ঠিত হচ্ছে।

এরপর ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) পরীক্ষা সকাল ১০:২৫ মিনিটে শুরু হয়ে বিকেল ৩:১৫ থেকে ৪:১৫ পর্যন্ত চলবে।

সরেজমিনে দেখা যায়, ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে শিক্ষার্থীর উপস্থিতি প্রায় ৯০ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান, উপ-উপাচার্য (শিক্ষা ও প্রশাসন), কোষাধ্যক্ষ এবং প্রক্টর পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

উপাচার্য জানান, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে হচ্ছে এবং মেধার ভিত্তিতে যোগ্যরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।

এই বছরে জাবির সাত ইউনিটের ১,৮৪৪টি আসনের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন ২ লাখ ১৯ হাজার ৩৯৯ জন শিক্ষার্থী। এতে আসনের প্রতি প্রার্থী সংখ্যা প্রায় ১১৯।

বিশেষত ‘ডি’ ইউনিটে প্রতিযোগিতা বেশি; ৩১০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭০,২২০ জন, ফলে প্রতি আসনে লড়বেন প্রায় ২২৬ জন।