বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। রূপালি পর্দায় বহুবার বহু চরিত্রে দর্শকদের মুগ্ধ করলেও বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) তিনি হাজির হয়েছিলেন একজন সচেতন নাগরিক হিসেবে। দীর্ঘ প্রতীক্ষার পর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তার চোখেমুখে ছিল বাঁধভাঙা আনন্দ।
বৃহস্পতিবার সকালে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তিনি তার গণতান্ত্রিক অধিকার রক্ষা করেন এবং আগামীর বাংলাদেশের জন্য নিজের স্বপ্নের কথা জানান।
ভোট দিয়ে বের হওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ববিতা বলেন, ‘দীর্ঘদিন পর ভোট দিতে এসেছি। আপনারা ভালো করে জানেন, এর আগে ভোট দিতে পারিনি। এতদিন পর ভোট দিতে এসে কী যে ভালো লাগছে, তা বলে বোঝাতে পারবো না। আমাদের প্রত্যাশা হচ্ছে, যে সরকারই আসুক, তারা যেন খুব সুন্দরভাবে দেশ এগিয়ে নিয়ে যান। আমরা সবাই যাতে ভালো থাকতে পারি, বাংলাদেশের জনগণ যেন ভালো থাকতে পারে, এটাই আমাদের চাওয়া।’
একজন নিবেদিতপ্রাণ শিল্পী হিসেবে চলচ্চিত্রের সংকটের কথা মনে করিয়ে দিতেও ভোলেননি এই তারকা। নতুন সরকারের কাছে বিনোদন অঙ্গন নিয়ে নিজের দাবির কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি যেহেতু শিল্পী, তাই শিল্পী হিসেবে চাই আমাদের চলচ্চিত্রের উন্নয়ন হোক। আরও সুন্দর সুন্দর সিনেমা হল তৈরি হোক। বিশেষ করে এফডিসির দিকটা নজর রাখতে বলবো নতুন সরকারকে। সব ঠিক থাকলে আমাদের ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন