অস্কার জয়ের উচ্ছ্বাস মুহূর্তেই ম্লান হয়ে গেল রুশ চলচ্চিত্র নির্মাতা পাভেল তালানকিনের জন্য। নিউইয়র্ক থেকে জার্মানির পথে যাত্রাকালে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে তার অর্জিত সেরা তথ্যচিত্রের অস্কার মূর্তিটি। ‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’ ছবির জন্য চলতি বছরই তিনি এই সম্মান লাভ করেন।
তালানকিন লুফথানসার একটি ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ফ্রাঙ্কফুর্টের উদ্দেশে রওনা হয়েছিলেন। সাধারণত বিজয়ীরা অস্কারের মূর্তি নিজের কাছেই বহন করেন। তবে বিমানবন্দরের নিরাপত্তা সংস্থা টিএসএ জানায়, প্রায় ৮.৫ পাউন্ড ওজনের এই ধাতব মূর্তিটি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
সহপরিচালক ডেভিড বোরেনস্টাইনের ভাষ্য অনুযায়ী, নিরাপত্তাকর্মীরা আশঙ্কা করেন যে মূর্তিটি অস্ত্র হিসেবে ব্যবহার করা যেতে পারে। আলাদা কোনো ব্যাগ না থাকায় শেষ পর্যন্ত সেটিকে একটি বাক্সে ভরে বিমানের হোল্ড লাগেজে পাঠাতে বাধ্য হন তালানকিন।
কিন্তু ফ্রাঙ্কফুর্টে পৌঁছানোর পর দেখা যায়, সেই বাক্সটির আর কোনো খোঁজ নেই।
ঘটনায় বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে তালানকিন বলেন, একটি অস্কার মূর্তিকে কীভাবে অস্ত্র হিসেবে বিবেচনা করা হতে পারে, তা তার বোধগম্য নয়। এর আগে বহুবার তিনি একইভাবে এটি সঙ্গে নিয়ে ভ্রমণ করেছেন, কখনো এমন সমস্যার মুখোমুখি হননি।
এদিকে লুফথানসা কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা মূর্তিটি খুঁজে বের করার কাজ শুরু করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালকের উদ্দেশ্যে তারা আশ্বাস দিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে অস্কারটি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন