ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হেনস্তার শিকারের বিষয়ে যা বললেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৯:০৫ এএম
অভিনেত্রী ঐশ্বরিয়া রাজেশ। ছবি : সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাজেশ পর্দায় সাবলীল অভিনয়ের জন্য প্রশংসিত হলেও তার ক্যারিয়ারের শুরুর সময়টা মোটেও সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচ ও কর্মক্ষেত্রে অপমানের মতো তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন তিনি।

ঐশ্বরিয়া জানান, ক্যারিয়ারের একেবারে শুরুতে একটি ফটোশুটের প্রস্তাব পেয়ে তিনি স্টুডিওতে যান। বয়স কম থাকায় নিরাপত্তার কথা ভেবে তিনি সঙ্গে তার দাদাকে নিয়ে গিয়েছিলেন। তবে স্টুডিওতে পৌঁছানোর পর ফটোগ্রাফার কৌশলে তার দাদাকে বাইরে অপেক্ষা করতে বলেন।

অভিনেত্রীর ভাষ্যমতে, এরপর ফটোগ্রাফার তাকে ভেতরে নিয়ে গিয়ে অস্বস্তিকর প্রস্তাব দেন এবং তার শরীর দেখার আগ্রহ প্রকাশ করেন। হঠাৎ এমন পরিস্থিতিতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং মুহূর্তের জন্য দিশাহারা হয়ে যান। তবে নিজের অন্তর্দৃষ্টির ওপর ভরসা রেখে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

পরিস্থিতি সামাল দিতে তিনি জানান, এ বিষয়ে পরিবারের অনুমতি প্রয়োজন। এই অজুহাতে তিনি সেদিন সেই অস্বস্তিকর পরিবেশ থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হন। আশ্চর্যের বিষয় হলো, আজও পরিবারের কাউকে ওই ঘটনার কথা জানাননি বলে উল্লেখ করেন তিনি।

কেবল কাস্টিং কাউচ নয়, কর্মক্ষেত্রেও অপেশাদার আচরণের শিকার হওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন ঐশ্বরিয়া। তিনি বলেন, একটি সিনেমার শুটিংয়ে মাত্র কয়েক মিনিট দেরিতে পৌঁছানোর কারণে এক পরিচালক তাকে সবার সামনে কুরুচিপূর্ণ ভাষায় অপমান করেন। জুনিয়র শিল্পীদের সামনে তাকে ভর্ৎসনা করা হয় এবং অন্য অভিনেত্রীদের সঙ্গে তুলনা টানা হয়, যা তাকে গভীরভাবে আহত করে।