ঢালিউড কুইন অপু বিশ্বাস আবারও শোবিজ অঙ্গনে সক্রিয়তা দেখাচ্ছেন। পাশাপাশি নিজের ব্যবসায়িক কাজেও ব্যস্ত সময় পার করছেন তিনি। রাজধানীর নিকেতনে তার নতুন পার্লার ‘সিগনেচার বাই এবি বিউটি লাউঞ্জ অ্যান্ড বুটিক’-এর প্রচার উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শাকিব খানসহ নানা বিষয়ে কথা বলেন অভিনেত্রী।
অনুষ্ঠানে অপু বিশ্বাস জানান, মুসলিম ধর্মাবলম্বীদের প্রধান উৎসব রোজার ঈদ উপলক্ষে সবাই সুন্দরভাবে সাজতে চায়। সেই ভাবনা থেকেই তার পার্লারে বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া তিনি সবাইকে আগাম ঈদের শুভেচ্ছাও জানান।
ভালোবাসা দিবস সম্পর্কে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস বলেন, বর্তমানে তার কাছে ভালোবাসার সংজ্ঞা হলো কাজ, ব্যবসা এবং দর্শক। তার ভাষায়, এখন প্রতিটি দিনই তার জন্য ভালোবাসা দিবস। দর্শকদের জন্য ভালো কাজ করা এবং ব্যবসাকে এগিয়ে নেওয়াই তার মূল পরিকল্পনা।
এক প্রশ্নের জবাবে তিনি শাকিব খানের সঙ্গে ভালোবাসা দিবসের স্মৃতি তুলে ধরেন। অপু বলেন, ভালোবাসা দিবসে আমাদের কোনো বিশেষ স্মৃতি নেই। ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করতে করতে অনেক স্মৃতি সাধারণ হয়ে গেছে। শুটিং সেটেই বহুবার ভালোবাসা দিবস কেটেছে। ডিরেক্টরের ‘অ্যাকশন’ বলার পর সংলাপটাই ছিল তখনকার ভালোবাসার মুহূর্ত।
উল্লেখ্য, গত ডিসেম্বরে অপু বিশ্বাস দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমার জন্য নিয়মিত জিমে যাওয়া শুরু করেছেন তিনি। তার নতুন দুটি সিনেমা হলো ‘সিক্রেট’ ও ‘দুর্বার’।


