ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জামায়াত আমিরের সঙ্গে সত্যিই কি শাকিব খান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০১:৪৮ পিএম
ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে ঢাকাই চলচ্চিত্রের সুপরিচিত অভিনেতা শাকিব খান জামায়াতে ইসলামীর পক্ষে ভোটের আহ্বান করছেন। ভিডিওটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধরনে তৈরি করা হলেও নিবিড় বিশ্লেষণে দেখা গেছে, এটি সম্পূর্ণ ভুয়া।

ভিডিওটিতে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পাশে শাকিব খানের উপস্থিতি দেখানো হয়। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে শাকিব খানের মুখমণ্ডল এবং উপস্থিতি প্রযুক্তির মাধ্যমে যুক্ত করা হয়েছে। বাস্তবের সঙ্গে ভিডিওটির কোনো মিল নেই। ভিডিওর শিরোনামও উদ্দেশ্যপ্রণোদিতভাবে দর্শকদের বিভ্রান্ত করতে তৈরি করা হয়েছে।

শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, এই ভিডিও সম্পূর্ণ ভিত্তিহীন। শাকিব সাধারণত কোনো রাজনৈতিক দলের নির্বাচনি প্রচারে অংশ নেন না এবং এই ভিডিও সম্পর্কে তার কোনো তথ্য নেই। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন এবং ঈদের সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সময় এ ধরনের ভিডিও সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য তৈরি করা হতে পারে। ভিডিওটিতে প্রদর্শিত ঘটনা বাস্তব নয়, কিন্তু সাধারণ দর্শকের জন্য তা সত্য বলে মনে হতে পারে। কমেন্ট বক্স বিশ্লেষণ করলে দেখা যায়, অনেক মানুষ ভিডিওটিকে প্রকৃত ঘটনা ভেবে বিভ্রান্ত হয়েছেন।

প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বর্তমানে এ ধরনের ডিপফেক ভিডিও বা এআই-জেনারেটেড কনটেন্ট চিহ্নিত করা সাধারণ মানুষের জন্য সহজ নয়। তারা পরামর্শ দিয়েছেন, নির্বাচনের সময় বা রাজনৈতিক বিতর্কের সময়ে কোনো স্পর্শকাতর তথ্য বিশ্বাস করার আগে তার সত্যতা যাচাই করা উচিত।