বাংলা নাটকের দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় ও নন্দিত নাম তৌকীর আহমেদ। একজন দক্ষ অভিনেতা ও সার্থক নির্মাতা হিসেবে দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় কাজ। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ চমক নিয়ে পর্দায় ফিরছেন তিনি। এবার তাকে দেখা যাবে ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’ শিরোনামের একটি বিশেষ টেলিফিল্মে।
এই টেলিফিল্মটির বিশেষত্ব হলো, এর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের পাশাপাশি চমৎকার এক জীবনধর্মী চিত্রনাট্যও রচনা করেছেন স্বয়ং তৌকীর আহমেদ। টেলিফিল্মটি পরিচালনা করছেন গুণী নির্মাতা আরিফ খান।
কাহিনি প্রসঙ্গে তৌকীর আহমেদ বলেন, “সাধারণত ঈদে আমরা উৎসব ও আনন্দের গল্পই বেশি দেখি। তবে এই টেলিফিল্মের ক্ষেত্রে আমি একটু ভিন্ন স্বাদ দেওয়ার চেষ্টা করেছি। মানুষের জীবনের নানা সময় এবং বাঁক বদলের গল্প এতে উঠে এসেছে। আরিফ খান অত্যন্ত মুন্সিয়ানার সাথে এটি নির্মাণ করছেন। আমার বিশ্বাস, ঈদের ভিড়েও কাজটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নেবে।”
‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’ টেলিফিল্মটি তারকা শিল্পী ও অভিনয়ের এক দারুণ সমাহার। তৌকীর আহমেদের পাশাপাশি এতে অভিনয় করেছেন দেশের প্রথিতযশা ও বরেণ্য অভিনয়শিল্পীরা। যাদের মধ্যে রয়েছেন: মামুনুর রশীদ, ফেরদৌসী মজুমদার, আফজাল হোসেন, দীপা খন্দকার, জাকিয়া বারী মমসহ আরও অনেকে।
তৌকীর আহমেদের লেখনীর প্রশংসা করে পরিচালক আরিফ খান বলেন, “তৌকীর ভাই অসাধারণ একটি গল্প লিখেছেন। তার সৃজনশীল লেখনী বা অভিনয় নিয়ে নতুন করে বলার কিছু নেই। গুণী এই শিল্পীদের সাথে কাজ করতে পেরে আমি আনন্দিত এবং তাদের প্রতি কৃতজ্ঞ।”
শৈল্পিক উপস্থাপন আর শক্তিশালী অভিনয় শৈলী নিয়ে নির্মিত ‘জোহরা বেগমের ইচ্ছাপত্র’ টেলিফিল্মটি এবারের ঈদে দর্শকদের জন্য একটি অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন