আমি কোনো পর্যায়ের নেতা নই। আমার কোনো পদ-পদবি নেই। আমি বিএনপির একজন সাধারণ সমর্থক। বেগম জিয়ার সঙ্গে রাজনীতি করেছি। বলা যায়, আমি জিয়া পরিবারের একজন অনুরক্ত। এবং কঠোর একজন বিএনপি সমর্থক। শোক বইতে শুধু সাক্ষর করতে এসেছি একজন সংগীতশিল্পী হিসেবে।
মঙ্গলবার (০৬ জানুয়ারি) গুলশান বিএনপি কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিকেলে কথাগুলো বলেছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর।
এ সময় তিনি আরও বলেন, ‘বেগম জিয়ার সঙ্গে আমার দীর্ঘদিনের স্মৃতি আছে আন্দোলন-সংগ্রামের। বিভিন্ন সময় তার সফর সঙ্গী হওয়ার সুযোগ হয়েছিল। আমার প্রতি তার আদেশ, নির্দেশ ও স্নেহ অনেক কিছুই ছিল। সেগুলে লিখে একটু হালকা হলাম।’
স্বৈরাচারী শাসন আমলের কথা উল্লেখ করে আসিফ বলেন, ‘দেশের ক্রান্তিকালে ম্যাডামের কাছে জানতে চেয়েছিলাম কী করব। সেদিন তিনি আমাকে বলেছিলেন, তোমার কাজ গান গাওয়া। পার্টির নেতারা অনেক ভালো ছিল। আন্দোলন ও সংগ্রাম করলে তারা করবেন। তুমি গান গাও। ম্যাডামের ওই নির্দেশটাই মানছি।’
জেলজীবনের কথা স্মরণ করে এই গায়ক বলেন, ‘আমি যখন জেলে ছিলাম তখন ম্যাডাম ডাক্তারদের মাধ্যমে জেলে থেকে আমার খবর নিতেন। তারপর আর তার সঙ্গে দেখা ও কথা হয়নি। কিন্তু ২০২৪ সালের ৭ নভেম্বর তিনি ফোন দিয়ে আমাকে বলেছেন আসিফ যেভাবে আছিস, সেভাবেই থাকবি। তার নির্দেশই মেনে চলছি।’
এদিকে, আসন্ন আইপিএলের আসরে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এ ৯ কোটি ২০ লাখ রুপি পারিশ্রমিকে সুযোগ পেয়েও ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তিতে শেষ পর্যন্ত বাদ পড়েছেন বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান।
তাকে বাদ দেওয়ায় ‘আইপিএল বয়কট’-এ সমর্থন জানিয়ে এই সংগীতশিল্পী বলেন, ‘মোস্তাফিজ নেই আমরা শকড। মোস্তাফিজ ইস্যুতে আমরা অপমানিত, ক্ষুব্ধ ও ব্যথিত। বাংলাদেশের মানুষের দাবি একটাই, যেহেতু মোস্তাফিজ নেই আমরা অপমানিতে হয়েছি। বাংলাদেশে তাই আইপিএল সম্প্রচার করতে পারবে না। জুলাই বিপ্লবের পর নতুন চিন্তা চেতনার প্রজন্ম তৈরি হয়েছে। তাদের পালস বুঝতে হবে। তাদের চিন্তা মাথায় রাখতে হবে। দেশে আইপিল বয়কটে আমার পূর্ণাঙ্গ সমর্থন আছে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন