দীর্ঘ ১৯ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও ভারতীয় মঞ্চ কাঁপাতে আসছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। ২০০৭ সালের ‘ওরাল ফিক্সেশন’ ট্যুরের পর এই প্রথম ভারতে পা রাখছেন তিনি। তার এই সফরকে ঘিরে ভক্তদের মধ্যে যে উন্মাদনা তৈরি হয়েছে, তা সাম্প্রতিক সময়ের এড শিরান বা দুয়া লিপার কনসার্টকেও ছাপিয়ে গেছে।
কনসার্টের সূচি ও ভেন্যু
আগামী এপ্রিল মাসে ভারতের দুটি প্রধান শহরে অনুষ্ঠিত হবে শাকিরার এই মেগা কনসার্ট:
১০ এপ্রিল : মুম্বাইয়ের ঐতিহাসিক মহালক্ষ্মী রেসকোর্স ময়দান।
১৫ এপ্রিল : দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম।
‘ফিডিং ইন্ডিয়া’র আয়োজনে এবং ‘ডিস্ট্রিক্ট বাই জোমাটো’-এর সহযোগিতায় মার্চ মাস থেকেই এই কনসার্টের অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে।
টিকিটের দাম ও ভিআইপি সুবিধা
শাকিরার পারফরম্যান্স সরাসরি দেখার জন্য টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ হাজার টাকা (ডেলিভারি চার্জ ও বুকিং ফিসহ)।
তবে চড়া দামের এই টিকিটের সাথে দর্শক পাবেন রাজকীয় সব সুবিধা:
ভিআইপি লাউঞ্জ এবং ফ্যান পিট অ্যাক্সেস।
ভেন্যু থেকে লাউঞ্জ পর্যন্ত বিশেষ শাটল সার্ভিস।
উন্নত মানের প্রিমিয়াম খাবার ও পানীয়র ব্যবস্থা।
গানের সুরে সমাজসেবা
শাকিরার এই সফরের পেছনে রয়েছে এক মহৎ উদ্দেশ্য। কনসার্ট থেকে অর্জিত অর্থের একটি বড় অংশ ব্যয় করা হবে সুবিধাবঞ্চিত শিশুদের পুষ্টি ও খাদ্যের সংস্থানে।
শাকিরা নিজেই এক বার্তায় জানিয়েছেন, ‘ভারতে পারফর্ম করা সবসময়ই আনন্দের। তবে এবারের সফরের মূল লক্ষ্য হলো শিশুদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করা।’
নিরাপত্তায় বিশেষ কড়াকড়ি
বিগত বছরগুলোতে অনেক আন্তর্জাতিক শিল্পী ভারতে এলেও শাকিরার কনসার্ট নিয়ে জনমনে যে অভাবনীয় আগ্রহ দেখা যাচ্ছে, তাতে বাড়তি সতর্ক প্রশাসন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বাই ও দিল্লি উভয় শহরেই নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে।
২০০৭ সালে শেষবার মুম্বাইয়ে অনুষ্ঠান করেছিলেন শাকিরা। প্রায় দুই দশক পর তার এই প্রত্যাবর্তনকে ঘিরে ভারতের বিনোদন অঙ্গনে এখন সাজ সাজ রব।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন