ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০১:১৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সরকারের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদীয় ছাত্র সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) সকাল ৮টায় কর্মসূচির প্রথম পর্বে বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান ও প্রক্টর মো. আব্দুল আলীম উপস্থিত থেকে শিক্ষার্থীদের বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে উদ্বুদ্ধ করেন।

পরবর্তীতে বেলা ১১টায় কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। 

তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যাপক পরিসরে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আমি শিক্ষার্থীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এ উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।

অনুষ্ঠানে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক ও ছাত্র সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান বলেন, বাংলাদেশ সরকারের আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনাকে সামনে রেখেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের মাধ্যমে যখন বৃক্ষরোপণের বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে যায়, তখন তা ধীরে ধীরে একটি সামাজিক আন্দোলনে রূপ নেয়। আর সামাজিক আন্দোলনে পরিণত হলে এটি সারা দেশে ছড়িয়ে পড়বে এবং জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মসূচির আওতায় বিভিন্ন ফলদ, বনজ ও শোভাবর্ধনকারী ৮০টি গাছ রোপণ করা হয়। এর মধ্যে ছিল কাঁঠাল, আম, লেবুসহ অলকনন্দা, সাদা জবা, নীলকণ্ঠী, মুসান্ডা, স্থলপদ্ম এবং হাইব্রিড লাল রঙ্গন প্রজাতির চারা।