ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

মিরপুরে মাদরাসার সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিক্ষার্থী দগ্ধ

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০২:২৪ পিএম
ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরে মাদরাসার সাইনবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শিক্ষার্থী দগ্ধ হয়েছেন। 

রোববার (১৪ জুন) দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন, শিক্ষক সালমান ফারসি (২৪) দুই শিক্ষার্থী মারুফ হাসান (১৪) ও খাইরুল ইসলাম (১২)। মারুফ হেফজ বিভাগে ও খাইরুল কিতাব বিভাগে পড়াশোনা করে। 

তাদেরকে হাসপাতালে নিয়ে আসা অপর শিক্ষক জাহিদুল ইসলাম জানান, শিক্ষক সালমান ও দুই শিক্ষার্থী আজ মাদরাসার ছাদে একটি ব্যানার টাঙাতে যায়। এ সময় বাইরের তারের সঙ্গে ব্যানারের সংস্পর্শে লেগে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তাদের শরীরের বিভিন্ন জায়গা ঝলসে যায়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মারুফের শরীরের ১৮ শতাংশ, সালমানের ২ শতাংশ ও খাইরুলের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের মধ্যে মারুফকে ভর্তি দেয়া হয়েছে। বাকি দুজনকে অবজারভেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।