নতুন প্রেম বা সম্পর্কে জড়ানোর পর অনেকেই দ্রুত আবেগপ্রবণ হয়ে পড়েন। দুই-তিনবার দেখা কিংবা কয়েকদিনের কথোপকথনেই মনে হতে পারে, এই মানুষটিই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। তবে বিশেষজ্ঞদের মতে, সম্পর্কের শুরুতে অতিরিক্ত আবেগ ও তাড়াহুড়া ভবিষ্যতে নানা জটিলতার কারণ হতে পারে।
সম্পর্কবিষয়ক পরামর্শক কেলসি ওয়ান্ডারলিন মনে করেন, নতুন প্রেমে পড়া স্বাভাবিক হলেও কিছু বিষয়ে সচেতন থাকলে সম্পর্ক আরও স্বাস্থ্যকর ও দীর্ঘস্থায়ী হতে পারে।
নিজের জীবন ও লক্ষ্যকে গুরুত্ব দিন
প্রিয় মানুষের সঙ্গে সময় কাটানো আনন্দের হলেও তার জন্য নিজের পড়াশোনা, কাজ বা গুরুত্বপূর্ণ দায়িত্ব অবহেলা করা ঠিক নয়। সম্পর্কের কারণে ব্যক্তিগত লক্ষ্য ও দায়িত্ব থেকে সরে গেলে দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়তে হতে পারে।
সারাক্ষণ যোগাযোগের প্রয়োজন নেই
নতুন প্রেমে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা মেসেজ, ফোনকল কিংবা ভয়েস মেসেজে ব্যস্ত থাকেন। তবে সারাদিন যোগাযোগের বদলে নির্দিষ্ট সময়ে কথা বলার অভ্যাস সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ রাখতে সাহায্য করে। এতে ব্যক্তিগত সময় ও স্বাধীনতাও বজায় থাকে।
ধীরে ধীরে একে-অপরকে জানুন
কয়েকবার দেখা হওয়ার পরই সারাক্ষণ একসঙ্গে সময় কাটানোর প্রয়োজন নেই। বরং ধীরে ধীরে একজন আরেকজনকে জানার চেষ্টা করা ভালো। সময় নিয়ে পরিচিতি বাড়লে সম্পর্কের ভিত্তি আরও শক্ত হয় এবং ভুল বোঝাবুঝির সম্ভাবনা কমে।
মনের মিলকে গুরুত্ব দিন
শুধু আকর্ষণ বা ভালো লাগার ওপর ভিত্তি করে সম্পর্ক টিকে থাকে না। মূল্যবোধ, চিন্তাভাবনা, জীবনদর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনায় মিল আছে কি না, তা বোঝা জরুরি। মনের মিল না থাকলে ভবিষ্যতে সম্পর্কের স্থায়িত্ব কমে যেতে পারে।
কথার চেয়ে আচরণ গুরুত্বপূর্ণ
কেউ সুন্দর কথা বললেই তার প্রতি অন্ধ বিশ্বাস করা উচিত নয়। সম্পর্কের ক্ষেত্রে তার আচরণ, দায়িত্ববোধ এবং সম্পর্ককে এগিয়ে নিতে আন্তরিকতা কতটা—সেসব বিষয় বেশি গুরুত্ব পাওয়া উচিত। কারণ ভবিষ্যতের প্রতিশ্রুতির চেয়ে বর্তমানের আচরণই একজন মানুষের প্রকৃত পরিচয় তুলে ধরে।
সম্পর্কের শুরুটা যতই রোমাঞ্চকর হোক, ধৈর্য, বোঝাপড়া এবং বাস্তবতাবোধই একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী ও সুন্দর করে তুলতে পারে।

