পবিত্র ঈদুল ফিতর ২০২৬-এর ছুটির মধ্যেও আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগে ৬৮৫ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ-১ ও বহির্বিভাগ-২-এ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোগীদের চিকিৎসকের পরামর্শ ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার সুবিধা দেওয়া হয়।
এদিন বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের উদ্যোগে রোগীদেরকে পরীক্ষানিরীক্ষা সেবা প্রদান করে। বন্ধের দিনগুলোতে রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের উদ্যোগে চালু রয়েছে এক্সরে এবং সিটিস্ক্যান পরীক্ষার সুবিধা। বন্ধের দিনগুলোতে হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগও প্রচলিত নিয়মে খোলা রয়েছে।
বিএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান জানিয়েছেন, বহির্বিভাগে রোগীদেরকে পরামর্শসহ চিকিৎসাসেবা প্রদানসহ পরবর্তীতে রোগীদের টেস্টসমূহ সম্পন্ন করার এই মহতী কার্যক্রমে বৃহস্পতিবার ১৯ মার্চ এবং রবিবার ২২ মার্চ চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীসহ প্রায় ৫শ জন অংশগহণ করছেন।
এছাড়াও হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগের সেবা কার্যক্রম অব্যাহত রাখতে চিকিৎসক, নার্সসহ প্রায় ৫শ জনবল দায়িত্ব পালন করছেন। আগামী রবিবার ২২ মার্চও বহির্বিভাগ খোলা থাকবে।
বৃহস্পতিবার ১৯ মার্চ বহির্বিভাগের চিকিৎসাসেবাসহ টেস্টসমূহের সেবা কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছের, সহকারী পরিচালক (হাসপাতাল) মো. মাহবুবুল হক সরকার প্রমুখ।
এদিকে পবিত্র ঈদ উল ফিতর ২০২৬-এর ঈদের জামাত ঈদের দিন সকাল ৮টায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
এছাড়াও, আনন্দ ভাগাভাগির বৃহত্তম ধর্মীয় উৎসবের খুশির ঈদের দিনে রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে মঙ্গলবার ২৪ মার্চ সকাল ৮টা ৩০মিনিট থেকে সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত এবং ওই দিনই (২৪ মার্চ ২০২৬) প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ খোলা থাকবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন