ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কনটেন্ট ক্রিয়েটরদের সুখবর দিল ফেসবুক 

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১, ২০২৬, ০৭:৩৯ পিএম
ছবি : সংগৃহীত

ফেসবুক কর্তৃপক্ষ দাবি করেছে, তারা ক্রিয়েটরদের জন্য আয়ের নতুন নতুন সুযোগ তৈরি করছে এবং সময়ের সঙ্গে সঙ্গে এই নীতিমালা আরও উন্নত করা হবে। একই সঙ্গে ফেসবুকের নীতিগত পরিবর্তন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, ফেসবুকের নতুন মনিটাইজেশন নীতিমালা ও অ্যালগরিদম পরিবর্তনের কারণে ফটোকার্ডের রিচ ও বিজ্ঞাপন প্রদর্শনের হার কমে গেছে। এর ফলে একই পরিমাণ ভিউ ও এনগেজমেন্ট থাকা সত্ত্বেও ক্রিয়েটররা আগের মতো আয় করতে পারছেন না।

ডিজিটাল কনটেন্ট বিশেষজ্ঞদের মতে, ফেসবুক এখন ভিডিও--বিশেষ করে রিলস ও শর্ট ভিডিও কনটেন্টকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। এতে ফটোকার্ড বা ইমেজ পোস্টগুলোর মনিটাইজেশন সুযোগ ধীরে ধীরে সীমিত হয়ে আসছে। অনেক কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে তাদের ফটোকার্ড পোস্টে বিজ্ঞাপনের ইমপ্রেশন আশঙ্কাজনকভাবে কমে গেছে। বিশেষ করে নিউজ পেজ, বিনোদনমূলক পেজ এবং যারা কেবল ভাইরাল ছবির ওপর ভিত্তি করে কনটেন্ট তৈরি করেন, তারাই বেশি ক্ষতির মুখে পড়ছেন।

বিশ্লেষকদের মতে, ফেসবুক তাদের মনিটাইজেশন সিস্টেমকে একক কাঠামোর (কনটেন্ট মনিটাইজেশন সিস্টেম) আওতায় নিয়ে আসার পর আয় বণ্টনের ধরনে বড় পরিবর্তন এনেছে। এই নতুন ব্যবস্থায় ফটোকার্ড নির্ভর পেজগুলো ভিডিও নির্মাতাদের তুলনায় পিছিয়ে পড়ছে। 

বর্তমান পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, টিকে থাকতে হলে শুধু ফটোকার্ডের ওপর নির্ভর করলে চলবে না। পরিবর্তনশীল সময়ের সঙ্গে তাল মিলিয়ে ভিডিও, রিলস এবং মাল্টি-প্ল্যাটফর্ম কনটেন্ট তৈরিতে মন দিতে হবে। অন্যথায় ফেসবুক থেকে আয়ের পরিমাণ ক্রমান্বয়ে শূন্যের কোঠায় নেমে আসার আশঙ্কা রয়েছে।

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক (মেটা) থেকে আয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম ফটোকার্ড ও ইমেজ-ভিত্তিক কনটেন্টের সুদিন ফুরিয়ে আসছে। আগে যেখানে একটি ফটোকার্ডে ভালো রিচ বা দর্শক সমাগম থাকলে বিজ্ঞাপন থেকে নিয়মিত আয় আসত, এখন সেই আয়ের পথ অনেকটাই সংকুচিত হয়ে যাচ্ছে।