ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুকে বিচারপতিদের নিয়ে ‘অগ্রহণযোগ্য ভাষা’, বরখাস্ত হাইকোর্টের কর্মকর্তা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৮:৩৬ পিএম
আদালত ভবন। ছবি- সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের সম্পর্কে ‘অগ্রহণযোগ্য ভাষা’ ব্যবহার করার অভিযোগে হাইকোর্ট বিভাগের একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বুধবার (৬ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (দেওয়ানি-১) ইব্রাহীম আলম ভূইয়া ফেসবুক পোস্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের সম্পর্কে অগ্রহণযোগ্য ভাষা ব্যবহার করে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।

এ ছাড়াও তিনি ব্যক্তিস্বার্থে সুপ্রিম কোর্টের কর্মচারীদের ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ও মিডিয়ার মাধ্যমে প্রতিষ্ঠান, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের নামে মিথ্যা ও অসত্য কুৎসা প্রচারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।

সুপ্রিম কোর্ট প্রশাসনের বৈধ আদেশ পালন না করতে অন্যান্য কর্মচারীদের ইন্ধন দিয়ে অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, যা গুরুতর অসদাচরণ ও অফিস শৃঙ্খলা পরিপন্থী বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, তার অপরাধ বর্ণিত আইনের ৪(১) বিধি মোতাবেক দণ্ডনীয়, যার সর্বোচ্চ শাস্তি চাকরি হতে বরখাস্তকরণ। বিধি মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।