ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ওসমান হাদিকে হত্যাচেষ্টার মামলা এখন হত্যা মামলা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০৩:০৮ এএম
শহীদ শরিফ ওসমান বিন হাদি । ছবি : সংগৃহীত

জুলাই বিপ্লবের অগ্রসেনানি ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ করার ঘটনায় করা হত্যাচেষ্টার মামলা তার মৃত্যুর পর হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে।

ঢাকার পল্টন থানায় করা ওই মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরের জন্য শনিবার আদালতে আবেদন করে পুলিশ। আবেদন মঞ্জুর করে আদালত মামলাটি হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দেন।

মামলাটি বর্তমানে তদন্ত করছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহম্মেদ।

পুলিশ সূত্র জানায়, শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার অভিযোগে গত ১৪ ডিসেম্বর রাতে মামলাটি করেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। এজাহারে ফয়সাল করিম মাসুদসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়।

পরবর্তী সময়ে মামলাটির তদন্তভার পল্টন থানা থেকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এ পর্যন্ত পুলিশ ও র‍্যাব যৌথভাবে ১৪ জনকে গ্রেপ্তার করেছে।

শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়।