ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন

দক্ষিণ সুদানের উদ্দেশে ৭১ নৌ-সদস্যের ঢাকা ত্যাগ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৪:৩৭ পিএম
দক্ষিণ সুদানের উদ্দেশে ৭১ নৌ-সদস্যের ঢাকা ত্যাগ করেছেন। ছবি- সংগৃহীত

বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ‘ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (UNMISS)’-এ অংশগ্রহণের জন্য বাংলাদেশ নৌবাহিনীর ৭১ সদস্যের একটি কন্টিনজেন্ট ঢাকা ত্যাগ করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) এই কন্টিনজেন্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করে।

এই কন্টিনজেন্টটি ‘বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-১১’-এর দ্বিতীয় গ্রুপ হিসেবে দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করবে এবং সেখানে বর্তমানে নিয়োজিত ‘বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-১০’-এর প্রতিস্থাপক হিসেবে কাজ করবে। এর আগে, গত ৯ ডিসেম্বর ২০২৫ প্রথম গ্রুপে ৯৯ জন নৌবাহিনীর সদস্য একই মিশনে যোগদান করেন।

জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট দক্ষিণ সুদানের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। এই ইউনিট নিত্যপ্রয়োজনীয় জ্বালানি, খাদ্যসামগ্রী, ওষুধ এবং মানবিক সহায়তা বহনকারী বার্জসমূহের নিরাপদ চলাচল নিশ্চিত করা, নৌপথে জলদস্যুতা পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ এবং অগ্নিনির্বাপণে স্থানীয় জনগণকে সহায়তা প্রদান করছে।

এ ছাড়াও, বার্জে কর্মরত বেসামরিক নাবিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, দুর্ঘটনাকবলিত জাহাজে উদ্ধার অভিযান পরিচালনা, মিশনে নিয়োজিত সামরিক ও বেসামরিক সদস্যদের জন্য দুর্গম এলাকায় রসদ পরিবহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম নিয়মিতভাবে সম্পাদন করছে বাংলাদেশ নৌবাহিনী।

উল্লেখ্য, গত তিন দশকেরও বেশি সময় ধরে বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। পাশাপাশি আহত সামরিক ও বেসামরিক ব্যক্তিদের উদ্ধার, জরুরি চিকিৎসাসেবা প্রদান এবং ডুবুরি সহায়তা কার্যক্রমেও নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

দক্ষিণ সুদানের পাশাপাশি লেবাননের ভূমধ্যসাগরে উপমহাদেশের একমাত্র মেরিটাইম টাস্কফোর্স হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা সংগ্রাম’ সফলভাবে দায়িত্ব পালন করছে। এ ছাড়া নীল নদের দীর্ঘ ১,৩১১ কিলোমিটার নৌপথ অতিক্রম করে এ পর্যন্ত ৭১টি লজিস্টিক অপারেশন (অপারেশন লাইফ লাইন) সফলভাবে সম্পন্ন করা হয়েছে।

বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর এই গর্বিত অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ও সুনাম বহুলাংশে বৃদ্ধি করেছে।