ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এদিন জুমার নামাজের পর বিক্ষোভের পাশাপাশি দোয়া-মোনাজাত করার কথা জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চ ও শহীদ ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির কথা জানানো হয়।
পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের অগ্রসেনানী ও ‘ইনসাফের বাংলাদেশ’ গড়ার স্বপ্নদ্রষ্টা শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে এবং তার রুহের মাগফিরাত কামনায় সারাদেশে এই কর্মসূচি পালন করা হবে।
এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে জুমার নামাজ শেষে গণসংযোগ করে ফেরার পথে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে চলন্ত রিকশায় থাকা অবস্থায় সন্ত্রাসীদের গুলিতে আহত হন ওসমান হাদি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর সেখানেই তার মৃত্যু হয়।
হত্যাকাণ্ডের বিচার দাবিতে তার মৃত্যুর পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও কর্মসূচি পালন করে আসছে ইনকিলাব মঞ্চ।

