বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এ সময়ের মধ্যেই পড়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রথম ধাপের পরীক্ষা। সেই পরীক্ষা স্থগিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শুক্রবারের (২ জানুয়ারি) পরিবর্তে আগামী ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রাথমিক নিয়োগ পরীক্ষার দুই ধাপ মিলিয়ে মোট ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ১০ লাখ ৮০ হাজার ৮০টি। গড়ে প্রতিটি পদের বিপরীতে লড়াই করবেন প্রায় ৭৫ জন চাকরিপ্রার্থী।
প্রথম ধাপে (রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ) ১০ হাজার ২১৯টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯টি। দ্বিতীয় ধাপে (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ) ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ১৫১টি।

