তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ঢাকায় পৌঁছেছেন।
গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মধ্যরাতে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম ফরহাদ হোসেন।
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আজ পাকিস্তানের পার্লামেন্ট স্পিকার সরদার আইয়াজ সাদিকসহ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও উচ্চ শিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ ঢাকায় আসবেন।
এর আগে খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, ১৯৪৬ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। তিনি ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক জীবন ছিল দীর্ঘ ও ঘটনাবহুল।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন