বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপের উচ্চশিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়নবিষয়ক মন্ত্রী ড. আলী হায়দার আহমেদ। তিনি মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর বিশেষ দূত হিসেবে এ সাক্ষাতে অংশ নেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) ঢাকায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে স্বল্প নোটিশে বাংলাদেশ সফরে আসেন মালদ্বীপের এ মন্ত্রী। এ সময় তিনি মালদ্বীপের রাষ্ট্রপতির পক্ষ থেকে গভীর শোক ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। পাশাপাশি মালদ্বীপে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরেন তিনি।
সাক্ষাতে উভয় পক্ষ বাংলাদেশ ও মালদ্বীপের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এ ছাড়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর প্রাসঙ্গিকতা, ভবিষ্যৎ আঞ্চলিক সহযোগিতা এবং বিশেষ করে সমুদ্র গবেষণায় পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় হয়।
সাক্ষাৎ শেষে মালদ্বীপের রাষ্ট্রপতির পাঠানো আনুষ্ঠানিক শোকবার্তা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন