ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শুল্ক কমানো হয়েছে, এনইআইআর বন্ধ হবে না : ফয়েজ তৈয়্যব

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৭:৫২ পিএম
ফয়েজ আহমদ তৈয়্যব। ফাইল ছবি

মোবাইল ফোন আমদানিতে শুল্ক যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বা অবৈধ হ্যান্ডসেট শনাক্তকরণ প্রক্রিয়া কোনোভাবেই বন্ধ করা হবে না।

রোববার (৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে মোবাইল ফোন ব্যবসায়ীদের হামলায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আন্দোলনকারী ব্যবসায়ীদের উদ্দেশে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বৈধভাবে মোবাইল ফোন আমদানিকে সহজ করতে সরকার এরই মধ্যে আমদানি শুল্ক কমিয়েছে। জনশৃঙ্খলা ব্যাহত করে আন্দোলন চলতে থাকলে সরকার তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মোবাইল ফোন ব্যবসায়ীদের বিরোধিতার মধ্যে গত বৃহস্পতিবার পূর্বঘোষণা অনুযায়ী এনইআইআর কার্যক্রম চালু করে সরকার। এর প্রতিবাদে সেদিন বিটিআরসি ভবনের সামনে বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। একপর্যায়ে তারা ইট-পাটকেল ছুড়ে ভবনে হামলা ও ভাঙচুর চালান।

এ ঘটনায় ৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬০০ জনের বিরুদ্ধে মামলা হয়। তাদের মধ্যে কমপক্ষে ৪৫ জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যবসায়ীদের মুক্তি ও এনইআইআর কার্যক্রম স্থগিতের দাবিতে আজ সকালে রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। অবস্থান কর্মসূচির একপর্যায়ে তাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ।