ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘থানা থেকে লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র এখনো উদ্ধার হয়নি’

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ১২:৫০ পিএম
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। ছবি : সংগৃহীত

থানা থেকে  লুট ১৫ শতাংশ অস্ত্র ও ৩০ শতাংশ গুলি এখনো উদ্ধার হয়নি। ভোটের আগে তা উদ্ধার করা জরুরি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের বৈঠকে এ কথা বলেন তিনি।

সানাউল্লাহ বলেন, ‘জুলাই অভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া ১৫ শতাংশ অস্ত্র ও ৩০ শতাংশ গুলি এখনো উদ্ধার হয়নি। এগুলো উদ্ধারে অভিযান চলছে।’

তিনি বলেন, ‘হারিয়ে যাওয়া গোলাবারুদের একটা বড় অংশ উদ্ধার হয়নি। এগুলো উদ্ধার করতে পারলে মানুষের মধ্যে নির্বাচনি আস্থা ফিরবে। নির্বাচনকালীন কোনো দল বা গোষ্ঠী অপকর্ম করে যাতে পার পেতে না পারে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে দৃঢ় থাকারও আহ্বান জানাই।’

আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কর্মকর্তাদের স্বচ্ছতা-নিরপেক্ষতা-স্বাধীনভাবে কাজ করার আহ্বান জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, ‘কোনো কাজে পক্ষপাতিত্ব করা যাবে না। আইনের অধীনে থেকে রাজনৈতিক দলগুলো কাজ করতে হবে, যাতে নির্বাচনের উৎসব আমেজ বিরাজ থাকে।’