আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুর্গম পার্বত্য অঞ্চলের ৩৪টি ভোটকেন্দ্রে জনবল ও ব্যালটসহ নির্বাচনি সরঞ্জাম আনা-নেওয়ায় হেলিকপ্টার ব্যবহার করতে হবে। এ লক্ষ্যে কোন কোন ভোটকেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার প্রয়োজন হবে- সে-সংক্রান্ত বিস্তারিত তথ্য বৃহস্পতিবারের (২২ জানুয়ারি) মধ্যে চেয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে ইসি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন ।
চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলায় ১১টি, রাঙামাটি পার্বত্য জেলায় মোট ২০টি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় ০৩ টিসহ সর্বমোট ৩টি পার্বত্য জেলার ৩৪টি ভোটকেন্দ্রে নির্বাচনি মালামাল, ভোটগ্রহণ কর্মকর্তা ও সীমিতসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপজেলা সদর হতে ভোটকেন্দ্রে প্রেরণ এবং উপজেলা সদরে ফেরত আনার জন্য হেলিকপ্টার ব্যবহার প্রয়োজন হবে।
এতে বলা হয়েছে, এর জন্য নির্বাচনি দ্রব্যাদির পরিমাণ এবং ভোটগ্রহণ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা, বিদ্যমান হেলিকপ্টারের ধারণ ক্ষমতা, আবহাওয়া ইত্যাদি বিবেচনায় যাতায়াতের তারিখ ও প্রাসঙ্গিক বিষয় সংশ্লিষ্ট রিটার্নিং ও সেনাসদর, জিএস শাখা (এমও পরিদপ্তর) এর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ হেলিকপ্টার সহায়তার পরিকল্পনা জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য সশস্ত্র বাহিনী বিভাগ থেকে অনুরোধ করা হয়।
চিঠিতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী বিভাগের চাহিদা অনুসারে যেসব ভোটকেন্দ্রে নির্বাচনি দ্রব্যাদি পরিবহন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ ভোটগ্রহণ কর্মকর্তাদের ভোটকেন্দ্রে আনা-নেওয়ার কাজে হেলিকপ্টার ব্যবহারের প্রয়োজন হবে, সেসব ভোটকেন্দ্রের তথ্য আগামী আজকের মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন