জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই আন্দোলন দেশের রাজনীতি যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, তেমনি তথ্যপ্রযুক্তি খাতও ভবিষ্যৎ বাংলাদেশকে এগিয়ে নেওয়ার মূল চালিকাশক্তি হবে।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো–২০২৬’–এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, জুলাই আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর যে স্বতঃস্ফূর্ত গণবিক্ষোভ তৈরি হয়েছিল, সেটিই শেষ পর্যন্ত একটি শক্তিশালী সরকারের পতনের কারণ হয়ে দাঁড়ায়। তিনি উল্লেখ করেন, জুলাই আন্দোলনকারীদের সাহস ও নেতৃত্বগুণ ভবিষ্যতে বৈশ্বিক পরিসরেও প্রতিফলিত হবে।
তিনি বলেন, ডিজিটাল খাতই এখন মূল খাত। এই খাত থেকেই পরিবর্তন আসবে এবং অন্যান্য সব খাত এতে প্রভাবিত হবে।
নাগরিক সেবার ডিজিটাল রূপান্তর এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সরকার শুধু একটি কাঠামো তৈরি করে দেবে, আর জনগণ নিজেদের প্রয়োজন অনুযায়ী সেটি ব্যবহার করবে। এটাই তথ্যপ্রযুক্তির সবচেয়ে বড় শক্তি, বলেন তিনি।
পার্বত্য চট্টগ্রামের প্রসঙ্গ টেনে ড. ইউনূস বলেন, পাহাড়ের তিন জেলায় থাকা প্রায় আড়াই হাজার স্কুলের মধ্যে মাত্র ১২টিতে ইন্টারনেট সংযোগ রয়েছে। তিনি বলেন, যেখানে শিক্ষক নেই, সেখানে ইন্টারনেটই সবচেয়ে বড় শিক্ষক হিসেবে কাজ করতে পারে।
সবার জন্য সরকারি চাকরি নিশ্চিত করার ধারণাকে ভুল উল্লেখ করে তিনি বলেন, এটি এক ধরনের দাসত্বের চিন্তাধারা। বরং উদ্যোক্তা তৈরিতে সরকারকে সহায়ক ভূমিকা পালন করতে হবে।
সরকারি চাকরির কাঠামো নিয়েও মত দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, একজন কর্মকর্তার পাঁচ বছরের বেশি একই সরকারি চাকরিতে থাকা উচিত নয়। এতে মানসিক স্থবিরতা তৈরি হয় এবং সৃজনশীলতা নষ্ট হয়। একইভাবে প্রতিটি প্রতিষ্ঠানকে ১০ বছর পরপর নতুনভাবে সাজানো প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
জালিয়াতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, বাংলাদেশ জালিয়াতিতে সেরা এমন একটি নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে, যা আমাদের আন্তর্জাতিক অবস্থান ক্ষতিগ্রস্ত করেছে। প্রযুক্তিতে এগিয়ে যেতে হলে এই সংস্কৃতি বন্ধ করতেই হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশকে নিয়ে আমরা মাথা উঁচু করে চলতে চাই। সেই সক্ষমতা আমাদের রয়েছে।


