ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের গণফোরামের প্রার্থী সেলিম আকবর ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়ে বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদকে সমর্থন জানিয়েছেন। সোমবার রাতে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। এ সময় গণফোরাম ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সেলিম আকবর বলেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষাসহ বৃহত্তর ঐক্য অপরিহার্য। সেই বিবেচনায় আমি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে আমি ও আমার দলের নেতাকর্মী ও সমর্থকরা তার হয়ে নির্বাচন করব। এ সময় তিনি গণফোরামের সব নেতাকর্মীকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান।
সভায় সেলিম আকবর ও তার দলের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ। তিনি বলেন, ‘এই সমর্থন চাঁদপুর-৩ আসনে গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে। আমি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হলে এলাকার উন্নয়ন একসঙ্গে কাজ করব।’
এ আসনের অন্য প্রার্থীরা হলেন জামায়াতে ইসলামীর শাহজাহান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়নাল আবদিন শেখ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জাহাঙ্গীর হোসেন ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এএইচএম আহসান উল্লাহ।

