আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে না জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে কার্যক্রম নিষিদ্ধ সব থেকে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ। এ নিয়ে প্রতিষ্ঠার পর থেকে তৃতীয়বারের মতো আওয়ামী লীগকে ছাড়াই হতে যাচ্ছে সংসদ নির্বাচন। যদিও এর আগে দু’বার আওয়ামী লীগ নিজে থেকেই সংসদ নির্বাচন বয়কট করেছিল।
প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম নির্বাচন করার সুযোগ পাচ্ছে না আওয়ামী লীগ। এর আগে ১৯৮৮ সালে স্বৈরাচার এরশাদের অধীনে এবং ১৯৯৬ সালে খালেদা জিয়ার অধীনে সংসদ নির্বাচন বয়কট করেছিল দলটি।
১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত হয় চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন। এ সংসদের মেয়াদ ছিল দুই বছর সাত মাস। আওয়ামী লীগ ও বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দল এ নির্বাচন বর্জন করে। এটি ছিল আওয়ামী লীগের প্রথমবার কোনো নির্বাচনের বাইরে থাকা। এ নির্বাচনে জাতীয় পার্টি ২৫১টি আসন পেয়ে জয়লাভ করে। ১৯টি আসন পেয়ে সংসদে বিরোধী দল হয় সম্মিলিত বিরোধী দল (কপ)।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। এ সংসদের মেয়াদ ছিল মাত্র ১১ দিন। তৎকালীন সরকারি দল বিএনপির অধীনে হওয়া এ নির্বাচন বয়কট করে আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। এটি ছিল আওয়ামী লীগের দ্বিতীয়বার নির্বাচনের বাইরে থাকা।
১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার কেএম দাস লেনের রোজ গার্ডেনে গঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন মওলানা ভাসানী, সাধারণ সম্পাদক শামসুল হক। পরবর্তীতে মুসলিম শব্দ বাদ দিয়ে দলটির নাম ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ রাখা হয়।
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোট বয়কট করেছিল (জামায়াতে ইসলামীর নিবন্ধন ছিল না)। ২০১৪ সালের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থীরা যাতে জয়ী না হয়, সে জন্য অভিনব কৌশল নেয় আওয়ামী লীগ। ডামি প্রার্থী হিসেবে নিজ দলের নেতাদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করায় দলটি। এই নির্বাচনটি ‘ডামি নির্বাচন’ নামে পরিচিত।
এ নির্বাচনে আওয়ামী লীগ ২২২টি আসন, জাতীয় পার্টি (জাপা) ১১টি আসন এবং জাসদ, বাংলাদেশ কল্যাণ পার্টি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি একটি করে আসন জয়ী হয়। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন ৬২ জন, যাদের প্রায় সবাই আওয়ামী লীগ নেতা। এই সংসদের মেয়াদ ছিল মাত্র সাত মাস। ২০২৪ সালের ৫ আগস্ট রক্তাক্ত গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর থেকে দেশ পরিচালনা করছে অন্তর্বর্তী সরকার। এই সরকারের অধীনে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন