ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘পাশার নির্বাচনি পর্যবেক্ষক কার্ড স্থগিত’

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ১০:২১ পিএম
ছবি- সংগৃহীত

‘পাশা’ নামে একটি এনজিও পর্যবেক্ষক সংস্থার নির্বাচন পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের এই তথ্য জানান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে নির্বাচন কমিশনের সচিব এ তথ্য সকলকে অবহিত করেন।

বৈঠকের পরে যমুনার বাইরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আজাদ মজুমদার বলেন, ‘আপনাদের জানা আছে, পাশা সংক্রান্ত একটি সংবাদ সম্প্রতি প্রকাশিত হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘পাশা একটি এনজিও। তারা মোট ১০ হাজার পর্যবেক্ষক নিয়োগের জন্য আবেদন করেছিল। নির্বাচন কমিশন তাদের সক্ষমতা যাচাই করতে পারেনি। তাই তাদের পর্যবেক্ষক কার্ড বিতরণ স্থগিত রাখা হয়েছে। তবে এই সংস্থার কোনো রাজনৈতিক সংযোগ পাওয়া যায়নি। অনুসন্ধান এখনো চলমান রয়েছে।’

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে ভোট পর্যবেক্ষণ কার্যক্রম স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে কমিশন আরও কঠোর মনিটরিং করছে। ইতোমধ্যেই বেশ কিছু সংস্থা ও স্বতন্ত্র পর্যবেক্ষকরা আবেদন করেছেন। কিন্তু তাদের কার্যকারিতা ও সক্ষমতা যাচাই না হওয়া পর্যন্ত কোনো কার্ড বিতরণ করা হচ্ছে না।