ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাকা-মাওয়া মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের ধাক্কা, নিহত ২ 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৯:১৬ এএম
দুর্ঘটনাকবলিত পিকআপ। ছবি : সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ অংশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মালবাহী পিকআপের চালক ও তার সহযোগী (হেলপার) নিহত হয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে সিরাজদীখান উপজেলার নিমতলা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোরের বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা চালক সুজন (৩৭) এবং খুলনার ডুমুরিয়া এলাকার বাসিন্দা হেলপার ইছারুল (২৫)।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, যশোর থেকে সবজি ও কাঁচামাল নিয়ে পিকআপটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সামনে থাকা একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সুজন প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় হেলপার ইছারুলকে উদ্ধার করে পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, রাত ২টা ১৮ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে সিরাজদীখান ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা ক্ষতিগ্রস্ত গাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

হাসাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই অন্য গাড়িটি পালিয়ে যাওয়ায় সেটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে মরদেহ দুটি হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।