আগামীকাল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নতুন সরকার গঠনের এই গুরুত্বপূর্ণ ভোটযজ্ঞে অংশ নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও। রাজধানীসহ দেশের বিভিন্ন কেন্দ্রে নিজ নিজ আসনে ভোট দেবেন তারা। কেউ সকালেই ভোট দেবেন, কেউ আবার নির্ধারিত সময়সূচি অনুযায়ী দিনের বিভিন্ন সময়ে কেন্দ্রে উপস্থিত থাকবেন।
আইন উপদেষ্টা আসিফ নজরুল ঢাকা-৮ আসনের ভোটার। তিনি ভোট দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। আইন মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিম জানান, উপদেষ্টা সকাল সকালই ভোট দিতে উপস্থিত থাকবেন।
অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ভোট দেবেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ভোট দেবেন রাজধানীর সেন্ট্রাল রোডে আদর্শ কলেজ কেন্দ্রে। তিনি সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ভোট দেওয়ার কথা জানিয়েছেন।
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সকাল ১০টায় গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ধানমন্ডি কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবে।
নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন মহাখালীর ডিওএসএইচ এলাকার ভোটার। তিনি বিকেল ৪টার দিকে সেখানেই ভোট দেবেন। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার মোহাম্মদপুরের জামিলা আইনুল আনন্দ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেবেন। সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ ঢাকা-১৭ আসনের ভোটার। তিনি গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজ কেন্দ্রে ভোট দেবেন। একই কেন্দ্রে ভোট দেবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার উত্তরার পরশমণি ল্যাবরেটরি স্কুলে সকাল ৮টায় ভোট দেবেন। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন চট্টগ্রামের ভোটার, তাই তিনি নির্বাচনের সময় ঢাকায় থাকলেও ভোট দেবেন না। মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক চট্টগ্রামের দামপাড়ার বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ভোট দেবেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন