ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোট কেনাবেচার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে দেশের বিভিন্ন স্থানে ভোট কেনাবেচা হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য হলো, ভোট কেনাবেচা আইনত দণ্ডনীয় অপরাধ। এ–সংক্রান্ত সংশ্লিষ্টতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিন সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘টাকা ছড়ানোর’ অভিযোগ করেন বিএনপির প্রতিনিধিরা।
বৃহস্পতিবার সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তার আগের দিন দুপুরে নীলফামারীর সৈয়দপুরে টাকার ব্যাগসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তার ব্যাগে ৭৪ লাখ টাকা পাওয়া গেছে।
এ ঘটনায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে দেখা করে অভিযোগ উত্থাপন করে।


