ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের জনগণ উৎসবের মতো স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণ করেছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ।
তিনি বলেন, সব আশঙ্কা কাটিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং জাতি হিসেবে বাংলাদেশ বিজয়ী হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে আগারগাঁও নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ফল ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
সানাউল্লাহ বলেন, ১৩ ফেব্রুয়ারির সকালটি বাংলাদেশের ইতিহাসে একটি ‘শুভ সকাল’ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। গণতান্ত্রিক নবযাত্রায় এ নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। আমাদের একটাই লক্ষ্য ছিল, নির্মোহভাবে আইন প্রয়োগ করে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। কোনো ত্রুটি বা বিচ্যুতি থাকলে তা অনিচ্ছাকৃত।
তিনি দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জনগণ ঈদ উৎসবের মতো স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এর ফলে সব শঙ্কা দূর হয়েছে এবং জাতি হিসেবে বাংলাদেশ বিজয়ী হয়েছে।
নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত দেশি-বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক, প্রশাসন ও নিরাপত্তা কর্মকর্তাদের পাশাপাশি বিএনসিসি শিক্ষক ও শিক্ষার্থীদেরও ধন্যবাদ জানান ইসি। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশের গণতন্ত্র যেন কখনোই নির্ধারিত রেলপথ থেকে বিচ্যুত না হয় এবং ভবিষ্যতে আরও ভালো নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন হয়।


