গণভোটের মাধ্যমে প্রকাশিত সুস্পষ্ট গণরায় বাস্তবায়নের দায়িত্ব এখন সম্পূর্ণভাবে রাজনৈতিক দলগুলোর ওপর এসে পড়েছে বলে মন্তব্য করেছেন গণভোট-সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক আলী রীয়াজ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে আলী রীয়াজ বলেন, ‘রাষ্ট্রের সংবিধান ও প্রতিষ্ঠান সংস্কারের ব্যাপারে সব রাজনৈতিক দল অঙ্গীকারবদ্ধ। এই প্রক্রিয়ার মাধ্যমে জনগণ যে সুস্পষ্ট সিদ্ধান্তে পৌঁছেছে, তা বাস্তবায়ন করার জন্য রাজনৈতিক দলগুলোকে একত্র হয়ে কাজ করতে হবে।’
তিনি আরও বলেন, ‘ক্ষমতাসীন দল, জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদে প্রতিনিধিত্বকারী দল এবং সংসদের বাইরের অন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাচ্ছি, আলাপ-আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে গণরায়ের সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এটি শুধু একটি রাজনৈতিক দায়িত্ব নয়, এটি জনগণের প্রতি সম্মান ও কর্তব্যও বটে।’
আলী রীয়াজ আশা প্রকাশ করেন, জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনার সময় রাজনৈতিক দলগুলো যে ভিন্নমতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতার পরিবেশ তৈরি করেছেন এবং আপস-সমঝোতার যে ঐতিহ্য গড়েছেন, তা অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, ‘এই ঐতিহ্যকে ধরে রেখে জনগণের সমর্থিত দলিল বাস্তবায়নের দায়িত্ব এখন আপনাদের ওপর অর্পিত হয়েছে।’
তিনি জনগণকেও আহ্বান জানান, যেন তারা এই প্রক্রিয়ার সফল বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। বিশেষভাবে তরুণদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ভবিষ্যতের বাংলাদেশ আপনাদের। সেই বাংলাদেশ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি।’
এ ছাড়া, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নতুন সংসদ সদস্যদের এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোকে অভিনন্দন জানান। আলী রীয়াজ বলেন, ‘দীর্ঘদিন পর একটি সত্যিকারের নির্বাচনে ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে জনগণ সব ষড়যন্ত্র ও সহিংসতার আশঙ্কা দূর করেছে। এ জন্য নির্বাচনে অংশগ্রহণকারী জনগণকেও ধন্যবাদ জানাই।’
তিনি আরও উল্লেখ করেন, গণভোট শুধু একটি প্রক্রিয়া নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের দিক নির্দেশক।
তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো ও জনগণ মিলিত হয়ে দেশের জন্য গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে, যা ভবিষ্যতে একটি শক্তিশালী ও স্থিতিশীল গণতন্ত্রের ভিত্তি হিসেবে কাজ করবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন