ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রস্তুত হচ্ছে ন্যাম ভবন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৪:৪৫ পিএম
সংসদ সদস্য ভবন। ছবি - সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সংসদ সদস্যদের বরণের প্রস্তুতি চলছে পুরোদমে। এই লক্ষ্যে সংসদ সদস্যদের বাসস্থান অর্থাৎ 'ন্যাম ভবনে' (এমপি হোস্টেল) পরিচ্ছন্নতা ও সংস্কারকাজ পরিচালনা করা হচ্ছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সরজমিনে গিয়ে ভবনগুলো সংস্কার করার দৃশ্য দেখা গেছে।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে অযত্ন-অবহেলায় পড়ে থাকা এই ভবনগুলোর সংস্কারকাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শপথের পর সরকারি দলের শীর্ষ নেতৃত্বের পরামর্শক্রমে নতুন সংসদ সদস্যদের নামে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।

সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কাশেম বলেন, শুধুমাত্র কর্মীরাই ভবনে প্রবেশ করতে পারছেন। পরিষ্কার ও রংয়ের কাজ চলছে এবং তা শেষ করতে আরও প্রায় এক সপ্তাহ সময় লাগতে পারে। নতুন সংসদ সদস্যরা পরিবার নিয়ে এখানে থাকবেন। তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদ পারভেজ বলেন,  ন্যাম ভবনে আমরা সংস্কার কাজ প্রায় শেষ করে ফেলেছি। অর্থ বরাদ্দ না দেওয়ায় জাতীয় সংসদ ভবনসংলগ্ন এমপি হোস্টেলে সংসদ সদস্য অফিসে এসি বসানো যাচ্ছে না। জাতীয় সংসদ ভবনসংলগ্ন স্পিকার-ডেপুটি স্পিকারের বাসভবন ছাড়াও ১২টি ভিআইপি বাংলোসহ ৭৬টি উচ্চমান বাসভবন রয়েছে। এছাড়াও এমপি হোস্টেলের সংস্কারে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। বেশ কিছু সংস্কারকাজ সংসদ অধিবেশন শুরু হওয়ার পর করা হবে।