ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

শপথ অনুষ্ঠান ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৯:০৭ এএম
ডিএমপির বিশেষ ট্রাফিক নির্দেশনা। ছবি : সংগৃহীত

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) এবং মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই আয়োজনকে ঘিরে রাজধানী ঢাকায় যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত যানজট সৃষ্টি না হয়, সে জন্য বিশেষ ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার বিকেলে ডিএমপির গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

যানবাহন চলাচলে সীমাবদ্ধতা
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শপথ গ্রহণ অনুষ্ঠান চলাকালীন জাতীয় সংসদ ভবনের আশপাশের এলাকায় যান চলাচল সীমিত থাকবে। বিশেষভাবে খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং জুলাই স্মৃতি জাদুঘর (গণভবন ক্রসিং) থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে সাধারণ যানবাহন চলাচল নিয়ন্ত্রিত হবে।

বিকল্প সড়ক ও ডাইভারশন ব্যবস্থা
ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে ডিএমপি নিম্নোক্ত ডাইভারশন পয়েন্ট এবং বিকল্প সড়কগুলো ব্যবহারের অনুরোধ জানিয়েছে—

উত্তর দিক থেকে ফার্মগেট অভিমুখী

মিরপুর রোড হয়ে উত্তর দিক থেকে আসা গাড়িগুলো প্রতিরক্ষা গ্যাপ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং হয়ে বিজয় সরণি ক্রসিং দিয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যাবে।

ধানমন্ডি থেকে ফার্মগেট

ধানমন্ডি-২৭ থেকে আসা যানবাহন আসাদগেট-প্রতিরক্ষা গ্যাপ হয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং দিয়ে ডানে মোড় নিয়ে ফার্মগেটের দিকে যেতে পারবে।

আসাদগেট থেকে ফার্মগেট

আসাদগেট থেকে আসা যানবাহনগুলো গণভবন ক্রসিং (জুলাই স্মৃতি জাদুঘর)-প্রতিরক্ষা গ্যাপ হয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি ক্রসিং হয়ে ফার্মগেটের দিকে যাবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ইন্দিরা রোড থেকে ধানমন্ডি

এখান থেকে আসা যানবাহন খেজুর বাগান ক্রসিং থেকে ডানে মোড় নিয়ে উড়োজাহাজ ক্রসিং-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র হয়ে আসাদগেট দিয়ে ধানমন্ডির দিকে যাবে।

মিরপুর রোড থেকে ধানমন্ডি

মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ব্লকেড সরিয়ে নেওয়া হবে। ফলে মিরপুর রোড দিয়ে দক্ষিণমুখী গাড়িগুলো শ্যামলী-শিশুমেলা-গণভবন (জুলাই স্মৃতি জাদুঘর)-আসাদগেট হয়ে সরাসরি ধানমন্ডি ২৭-এর দিকে চলতে পারবে।

এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী

যানজট এড়াতে ফার্মগেট এক্সিট র‌্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র‌্যাম্প ব্যবহার করতে বলা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে মঙ্গলবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ ও লেক রোড এড়িয়ে চলার জন্য চালকদের বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে এই সাময়িক ট্রাফিক ব্যবস্থাপনায় নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।