দেশের শেয়ারবাজার ও সামগ্রিক অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনার প্রত্যাশা ব্যক্ত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আগামী দিনে দেশের অর্থনীতি উত্তরণের পথে এগিয়ে যাবে এবং শেয়ারবাজারে কাঙ্ক্ষিত পরিবর্তন দৃশ্যমান হবে।
মন্ত্রী জানান, পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে। দেশে আর পৃষ্ঠপোষকতার রাজনীতি চলবে না বলেও মন্তব্য করেন তিনি। আসন্ন বাজেট গতানুগতিক হবে না উল্লেখ করে বলেন, এটি অর্থনৈতিক পুনরুদ্ধার ও প্রবৃদ্ধি ত্বরান্বিত করার দিকনির্দেশনা দেবে।
তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এখন চট্টগ্রামকে প্রকৃত অর্থে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার সময় এসেছে। বিনিয়োগ বৃদ্ধি, বন্দর কার্যক্রম আধুনিকীকরণ এবং কর্মসংস্থান সম্প্রসারণের মাধ্যমে এ লক্ষ্য অর্জন সম্ভব বলে তিনি মত দেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, দেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান। জনগণ যাতে অর্থনীতির সুফল পায়, সে লক্ষ্যেই সরকার কাজ করবে। অর্থনীতিকে আরও মুক্ত ও গতিশীল করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।


