ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানান তিনি ।
সালাহউদ্দিন আহমেদ বলেন, নতুন সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো এ অধিবেশনে উপস্থাপন করা হবে। পাশাপাশি শোক প্রস্তাবও আনা হবে।
তিনি বলেন, ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অধিবেশনের সার্বিক প্রস্তুতি দ্রুত গতিতে এগিয়ে চলছে। নবনির্বাচিত সংসদ সদস্যদের বরণ করে নিতে এবং অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সংস্কার কাজও সম্পন্ন করা হচ্ছে।


