ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আরও ৭১৩ জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৯:১১ পিএম
ছবি- সংগৃহীত

তিন ক্যাটাগরিতে আরও ৭১৩ জন জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এর আগে জুলাই যোদ্ধাদের মর্যাদা এবং সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিল মন্ত্রণালয়। গত ১৭, ১৩ ও ১১ ফেব্রুয়ারি তিন ধাপে গেজেট প্রকাশ করা হয়েছিল।

তিনটি ক্যাটাগরির মধ্যে ‘ক’ শ্রেণিতে অতি গুরুতর আহত ৬ জন, ‘খ’ শ্রেণিতে গুরুতর আহত ৩৩ জন এবং ‘গ’ শ্রেণিতে সাধারণ আহত ৬৭৪ জন রয়েছেন। ‘গ’ ক্যাটাগরির আহতদের ভৌগোলিক বণ্টন অনুযায়ী ঢাকা বিভাগে ২০১ জন, চট্টগ্রাম ২৩৬ জন, রাজশাহী ১৫৫ জন, সিলেট ২৪ জন, রংপুর ৫১ জন, খুলনা ৫ জন এবং বরিশাল ২ জন রয়েছেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের বরাতে গেজেটে উল্লেখ করা হয়েছে, ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ এবং পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর ক্ষমতাবলে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সরকারি স্বীকৃতি দেওয়া হয়েছে। এ অধ্যাদেশের আওতায় আহতদের জন্য সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।

বর্তমানে তিন শ্রেণিতে মোট জুলাই যোদ্ধার সংখ্যা ১৬ হাজারের বেশি। আহতদের মর্যাদা ও সুবিধা দেওয়ার ক্ষেত্রে তাদের আঘাতের তীব্রতা অনুযায়ী শ্রেণিবিন্যাস করা হয়েছে।

  • ক-শ্রেণি (অতি গুরুতর আহত): এককালীন ৫ লাখ টাকা ও প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা
  • খ-শ্রেণি (গুরুতর আহত): এককালীন ৩ লাখ টাকা ও প্রতি মাসে ১৫ হাজার টাকা ভাতা
  • গ-শ্রেণি (সাধারণ আহত): এককালীন এক লাখ টাকা ও প্রতি মাসে ১০ হাজার টাকা ভাতা

মন্ত্রণালয় জানিয়েছে, কিছু তথ্য ভুলভাবে দেওয়া বা একাধিকবার নাম তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় মোট ১২৮ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করা হয়েছে।

সরকার আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করছে। এ উদ্যোগের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আহত ও শহীদদের প্রতি রাষ্ট্রের স্বীকৃতি এবং সম্মান প্রদর্শন করা হচ্ছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, আগামীতে আরও কিছু ধাপের মাধ্যমে বাকি জুলাই যোদ্ধাদের গেজেট প্রকাশের কাজ চলমান থাকবে। এটি তাদের মর্যাদা নিশ্চিতকরণের পাশাপাশি, চিকিৎসা, আর্থিক সহায়তা এবং অন্যান্য সুবিধা পাওয়ায় সহায়ক হবে।