ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাতিরঝিলে শিশুর মরদেহ উদ্ধার : থানা ঘেরাও ও বিক্ষোভ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৯:৪৭ এএম
হাতিরঝিল থানা। ছবি : সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল এলাকার পশ্চিম উলনে একটি নির্মাণাধীন ভবনের লিফটের গর্তে জমে থাকা পানি থেকে তাহেদী আক্তার (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ দাবি করে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে হাতিরঝিল থানার সামনে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

নিহত শিশু তাহেদী কুমিল্লার তিতাস উপজেলার আলীরগাঁও গ্রামের লিটন মিয়ার মেয়ে। তারা সপরিবারে পশ্চিম উলন এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে শিশুটির মা যখন তারাবির নামাজ পড়ছিলেন, তখন তাহেদী খেলতে বাইরে বের হয়। রাত সাড়ে ১১টার দিকে তার বাবা বাসায় ফিরে তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য নির্ধারিত ফাঁকা জায়গায় জমে থাকা পানিতে শিশুটিকে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর চাচা স্বপন মিয়া এই মৃত্যুকে নিছক দুর্ঘটনা মানতে নারাজ। তিনি সংবাদমাধ্যমকে জানান, ‘পানিতে ডুবে মারা গেলে পেটে পানি থাকার কথা, কিন্তু তাহেদীর পেটে কোনো পানি পাওয়া যায়নি। উল্টো তার মুখে বিস্কুটের গুঁড়া লেগে ছিল। আমাদের সন্দেহ কেউ তাকে মেরে সেখানে ফেলে গেছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেই আসল সত্য বেরিয়ে আসবে।’

এরপর দেড় শতাধিক স্থানীয় বাসিন্দা হাতিরঝিল থানার সামনে অবস্থান নেন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে স্লোগান দেন এবং সড়ক অবরোধ করেন। এর ফলে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়।

হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা জানিয়েছেন, পুলিশ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। তিনি আরও জানান, মঙ্গলবার রাতেই লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং গতকাল ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রাথমিক সুরতহালে শরীরে আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে দায়ীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ স্থানীয়দের শান্ত থাকার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছে।