সাম্প্রতিক এক পদায়ন ও রদবদলের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তঃবাহিনী সমন্বয় জোরদার, প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর করার লক্ষ্যে এই রদবদল কার্যকর করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) পদ থেকে দায়িত্ব নিয়ে ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এর কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছেন। অপরদিকে, লেফটেন্যান্ট জেনারেল শাহীন এনডিসির কমান্ড্যান্ট পদ থেকে কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব গ্রহণ করেছেন।
এদিকে, মেজর জেনারেল মোর্শেদ ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) পদ থেকে অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন। একই ধারাবাহিকতায় মেজর জেনারেল হাকিম অ্যাডজুট্যান্ট জেনারেল পদ থেকে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর কমান্ড্যান্ট হিসেবে বদলি হয়েছেন।
অন্যদিকে, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এ ছাড়া, মেজর জেনারেল হাসান ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি পদ থেকে লগ এরিয়ার জিওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। একই সঙ্গে লগ এরিয়ার জিওসি মেজর জেনারেল মোস্তাগাউস স্বাভাবিক অবসরে গেছেন।
সেনাবাহিনীর নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবেই এ পদায়ন ও রদবদল কার্যকর হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন